আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । মুহতারাম মুফতি সাহেব, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম তথা উন্নতমানের/উচ্চ-রুচির ডিজাইন করতে পারি; আমার থেকে প্রিমিয়াম মানের ডিজাইন সেবা গ্রহণ করার মত ক্লায়েন্টও আছেন, এখন আমার প্রশ্ন হলো
১. যতটুকু আমার ইল্ম তা অনুযায়ি জানি, ইসলাম মধ্যমপন্থাকে উৎসাহিত করে, এমতাবস্থায় আমার জন্য কি প্রিমিয়াম মানের ডিজাইন না করে মধ্যম মানের ডিজাইন করা উত্তম? কারণ প্রিমিয়াম মানের ডিজাইন করে আমি তো আমার ক্লায়েন্টদেরকে মধ্যম মানের ডিজাইন সামগ্রী তথা লোগো, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি ব্যবহার এর উত্তম চর্চা থেকে (যদি এক্ষেত্রেও উত্তমতার বিষয় থাকে) অনুত্তম প্রিমিয়াম ডিজাইন চর্চায় সাহায্য করছি; যদিও জানি এটা আমার এবং তাঁদের জন্য ইসলাম অনুযায়ি জায়েজ।
২. বড়লোক কাস্টমারদের টার্গেট করে প্রিমিয়াম পণ্যের, লাক্সারী পণ্যের (সাধারণত দাম বেশিই হয়, উদাহরণ, সাধারণ পন্য ৫০০ টাকা, প্রিমিয়াম পণ্য ৫০০০ টাকা) ব্যবসা করা কি মধ্যমপন্থার নীতি/উৎসাহ অনুযায়ী কোন অসুবিধা আছে?
৩. আমার ব্যক্তিগত রুচিও আলহামদুলিল্লাহ উন্নত ধরণের, এমতাবস্থায় নিজ রুচি অনুযায়ি নিজের অফিস ও বাসা রুচিশীল আসবাব সামগ্রী, ডেকর সামগ্রী ইত্যাদি দিয়ে গুছিয়ে জীবন-যাপন করলে তা কি মধ্যমপন্থার খেলাপ হবে?
বিষয়গুলো নিয়ে আমি একটু দোটানায় রয়েছি, একদিকে নিজ রুচি পছন্দ ও যোগ্যতা আলহামদুলিল্লাহ হাই-ক্লাস, টপ কোয়ালিটি অবস্থান এর, সে দিকে বৈধভাবে ঝোঁকও আছে; আবার ইসলাম যেহেতু মধ্যমপন্থাকে উৎসাহিত করে তাই মধ্যমপন্থায় থাকার ও ইচ্ছা আগ্রহ বিদ্যমান। আমাকে জানিয়ে কৃতজ্ঞ করবেন, আলোচ্য বিষয়গুলোতে ইসলামের মধ্যমপন্থার উৎসাহ/নীতি কিভাবে গন্য হয়। জাযাকাল্লাহ।