সালাতুল ইশরাক সম্পর্কিত (১–৪)
জামাতে নামাজের পর সেই স্থানে বসে যিকির করতে হবে। সূর্য ওঠার প্রায় ১৫ মিনিট পর ২ রাকাত নামাজ আদায় করতে হবে। এতে একটি কবুল হজ ও উমরাহর সমান সওয়াব পাওয়া যাবে।
প্রশ্ন ১ মেয়েদের তো জামাত নেই। তারা কি যেকোনো সময় ফজর পড়ে সেই স্থানে বসে যিকির করলেই হবে? নাকি ছেলেদের জামাত যখন হয় তখনই বাসায় বসে ফজর পড়ে যিকির করতে হবে?
প্রশ্ন ২ আমি খাটে নামাজ পড়ি। নামাজের স্থানে খাটে এতক্ষণ বসে থাকা কষ্টকর। সেই স্থানে শুয়ে যিকির করলে কি হবে, নাকি এতে নামাজের সওয়াব কমে যাবে?
প্রশ্ন ৩ আমি কি ফজর পরে হাঁটতে হাঁটতে যিকির করতে পারব? অনেক দিন বেশি ঘুম ধরে তখন হাঁটলে ভালো হয়। হাঁটলে কি ইশরাক নামাজের সওয়াব কমে যাবে?এছাড়া ফজর পরে সেই স্থানে অজুসহ বসে যতক্ষণ যিকির করা হয়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। হাঁটতে হাঁটতে যিকির করলে ফেরেশতাদের দোয়া কি পাওয়া যাবে?
প্রশ্ন ৪ যদি মাঝখানে অজু নষ্ট হয়ে যায়, তাহলে সেই স্থান থেকে উঠে গিয়ে অজু করে আসলে নামাজের সওয়াব কমে যাবে কি? এছাড়া ফজর পরে সেই স্থানে অজুসহ বসে যতক্ষণ যিকির করা হয়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। অজু নষ্ট হলে আবার অজু করে এসে বসে যিকির করলে কি ফেরেশতারা আর দোয়া করবে না?
প্রশ্ন ৫ আমার মুখে অ্যাকনে সমস্যা আছে। প্রতিদিন ফেসওয়াশ করতে হয়, না হলে অনেক পিম্পল ওঠে। ইতিকাফের কারণে মুখের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, আমার রুম থেকে একটু দূরে ওয়াশরুম। আমি কি ওয়াশরুমে গিয়ে ফেসওয়াশ করতে পারব? বা কী করণীয়?
প্রশ্ন ৬ নামাজে আগে কিছু ভুল করতাম—উচ্চারণে এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করতাম, যেগুলো কাছাকাছি উচ্চারণের হরফ। এখন আমি সঠিক হরফগুলো জানি। কিন্তু অনেক দিনের অভ্যাসের কারণে আমি ভুল উচ্চারণে পড়ছি। পড়ার সঙ্গে সঙ্গে মনে হয়—না, এখানে ওই হরফ হবে। তখন কি আমার নামাজ ভেঙে যাবে, নাকি আমি তখনই শুদ্ধ করে পড়ে নেব? উল্লেখ্য, আমি নামাজ ভেঙে গেছে ধরে এক নামাজ ৩–৪ বার পড়ছি এবং প্রতি ওয়াক্তে বিরক্ত হয়ে যাচ্ছি।
প্রশ্ন ৭ কখনো কখনো নামাজে জিহ্বা ফসকে কিছু হরফ ভুল হয়ে যায়। এসব হঠাৎ ভুল হলে কি সঙ্গে সঙ্গে শুদ্ধ উচ্চারণ করে নেব, নাকি নামাজ ভেঙে যাবে?
প্রশ্ন ৮ শুধু মাহরাম আত্মীয়দের খোঁজ নেওয়া ফরজ, নাকি রক্ত-সম্পর্কিত আত্মীয়দেরও? যেমন আমার ছেলে কাজিন। যদি তাদের খোঁজ নেওয়া ফরজ হয়, তাহলে কীভাবে শরিয়াহ মেনে তাদের খোঁজ নেব? এছাড়া তাদের অতিথি হিসেবে বাসায় দাওয়াত করা যাবে কি না?
প্রশ্ন ৯ আমার পিতামাতার মামা, খালা, ফুফু, চাচাদের খোঁজ নেওয়া কি আমার জন্য ফরজ? আমি যতদূর জানি, পিতামাতার মামা ও চাচা আমার মাহরাম।
প্রশ্ন ১০ইতিকাফে কি সবসময় আল্লাহ তায়ালার কথাই মাথায় রাখতে হবে, নাকি অন্য কিছু মনে হতে পারে? আমি কোনোভাবেই পূর্ণ সময় আল্লাহর কথা স্মরণ রাখতে পারছি না। আমার ইতিকাফ কি হবে না? সুন্দর ইতিকাফের জন্য কী করণীয়? আমি নামাজ, যিকির, দোয়া, ইস্তেগফার—এসব নিয়েই আছি। তবুও অন্য কথা মনে পড়ে।